img

সান্তোসের হয়ে আগের ম্যাচে মাঠে নামা হয়নি নেইমার জুনিয়রের। রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে করিন্থিয়াসের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। তার দল ১-১ গোলে ড্র করেছে। পুরো সময় মাঠে থাকলেও নিজের চেনা ছন্দে দেখা যায়নি ব্রাজিলিয়ান এই তারকাকে।

চলতি মাসে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের জন্য আজ দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। দল ঘোষণার ঠিক আগমুহূর্তে নিজের পারফরম্যান্স ও ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় আছেন খোদ নেইমার। ম্যাচ শেষে জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি জানান, দেশের হয়ে বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও বিষয়টি এখন আর তার নিয়ন্ত্রণে নেই।

ম্যাচ শেষে হতাশা নিয়ে নেইমার বলেন, ‘আমি আবারও জাতীয় দলে ফিরতে চাই এবং বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু সত্যি বলতে, এটি এখন আর আমার হাতে নেই। আমি দলে থাকি আর না থাকি, ব্রাজিলের জন্য আমার সমর্থন সবসময় থাকবে।’

এদিকে কার্লো আনচেলত্তি আগেই সাফ জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট না হলে কাউকেই বিশ্বকাপের বিমানে তোলা হবে না। ইনজুরির কারণে গত ম্যাচে খেলতে পারেননি নেইমার, যা গ্যালারিতে বসে দেখেছেন স্বয়ং কোচ। গতকাল করিন্থিয়ান্সের বিপক্ষে নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ থাকলেও নেইমার ছিলেন নিষ্প্রভ।

২০২৩ সালের অক্টোবরে চোটে পড়ার পর থেকে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি নেইমারের। ক্লাবের হয়ে মাঠে ফিরলেও মাঝে আবারও কয়েকবার মাঠ ছেড়েছেন ছোটখাটো চোট নিয়ে। যে কারণে গত ডিসেম্বরে হাঁটুতে অস্ত্রোপচার করা হয় নেইমারের।

এরপর চলতি বছর সান্তোসের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। যদিও ভাস্কো দা গামার বিপক্ষে জোড়া গোল করে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন, কিন্তু ধারাবাহিকতার অভাবে তার বিশ্বকাপ ভাগ্য এখন সুতোয় ঝুলছে।

এই বিভাগের আরও খবর